‘মোবাইল ফোন’ ইস্যুতে প্রবাসীদের ধোঁয়াশা দূর করলেন উপদেষ্টা আসিফ নজরুল
বিদেশ থেকে মোবাইল ফোন আনা ও রেজিস্ট্রেশন–সংক্রান্ত বিভিন্ন গুজব ও বিভ্রান্তি দূর করলেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিদেশ থেকে মোবাইল ফোন আনা ও রেজিস্ট্রেশন–সংক্রান্ত বিভিন্ন গুজব ও বিভ্রান্তি দূর করলেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি স্পষ্ট করে জানান—প্রবাসীদের সুবিধার জন্য বর্তমান সরকার নতুন করে দুটি মোবাইল ফোন আনার অনুমতি দিয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে প্রবাসীরা নিজের ব্যবহৃত মোবাইলের সঙ্গে মাত্র একটি নতুন সেট আনতে পারতেন। কিন্তু বর্তমান সরকার প্রবাসীদের সুবিধা বাড়িয়ে দুইটি নতুন ফোন আনার অনুমতি দিয়েছে। দুটির বেশি আনলে শুধু অতিরিক্ত সেটের জন্য ট্যাক্স দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তন করেই এই সুবিধা কার্যকর করেছে।
উপদেষ্টার ব্যাখ্যা অনুযায়ী, এই সুবিধা শুধুমাত্র বিএমইটি (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া কর্মীদের জন্য। অন্যদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো “দেশে ফিরলেই মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে”—এ ধরনের তথ্যকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি। আসিফ নজরুল জানান, ১৬ ডিসেম্বরের পর থেকে যে কেউ নতুন মোবাইল ফোন ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে তার রেজিস্ট্রেশন করতে হবে—এটি দেশের সকল ব্যবহারকারীর জন্য প্রযোজ্য।
অবৈধ ফোনসেটের মাধ্যমে অপহরণ, চাঁদাবাজি, জুয়া ও বিভিন্ন অপরাধ বাড়ায় এ নিয়ম চালু করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রবাসীদের উদ্দেশে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গুজব ও মিথ্যাচারে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানাই। কারো অপপ্রচার ও গিবত ইসলামের দৃষ্টিতে গুরুতর পাপ। কেউ কেউ এমন মিথ্যাও ছড়াচ্ছে যে প্রবাসীরা নাকি দেশে ৬০ দিন থাকতে পারবেন—এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রতিরোধ করতে হবে।
এমবি এইচআর

