বিদেশ থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের বাইরে থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

Jan 14, 2026 - 17:34
 0  1
বিদেশ থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দেশের বাইরে থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রেনিং সেন্টারে ১০৪তম ব্যাচের রিক্রুট প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১ জেলায় মোট ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতার পর এই প্রথম এত বিপুল সংখ্যক বিজিবি সদস্য রিক্রুট করা হয়েছে।

বিদেশ থেকে নির্বাচন বানচালের চেষ্টা প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ধরনের কোনো অপচেষ্টা সহ্য করা হবে না। বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাইরে বসে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশের ভেতরে এসে কথা বলুন।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরকান আর্মির ছোড়া গোলা প্রায়ই বাংলাদেশের ভেতরে এসে পড়ছে। তবে আরকান আর্মি একটি অবৈধ সশস্ত্র গোষ্ঠী হওয়ায় তাদের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের যোগাযোগ নেই।

এমবি এইচআর