ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

Dec 15, 2025 - 12:13
 0  2
ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “মাঝে মাঝে দু-একটা খুনখারাবি হয়। ওসমান হাদির ওপর হামলাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচনে এসবের কোনো প্রভাব পড়বে না।”

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। তিনি জানান, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। “সবাইকে নিয়েই নির্বাচন হবে। দুশ্চিন্তার কিছু নেই,”—বলেন তিনি।

সিইসি নাসির উদ্দিন বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের তুলনায় অনেক ভালো। “তখন মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারত না। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। নির্ধারিত সময়েই সুষ্ঠু নির্বাচন হবে,”—যোগ করেন তিনি।

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, “এই দেশ গড়ার স্বপ্ন নির্ভর করছে তারুণ্যের শক্তির ওপর। তরুণরা ঊনসত্তর, একাত্তর ও চব্বিশে তাদের শক্তি দেখিয়েছে।” তিনি আরও বলেন, এবারের নির্বাচন ঐতিহাসিক হতে যাচ্ছে, কারণ পোস্টাল ভোটিং চালু হচ্ছে এবং একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে।

সিইসি বলেন, “ইসির এই সাহসী পদক্ষেপের সঙ্গে তরুণদের অংশগ্রহণ থাকলে একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন আয়োজন করা কমিশনের জন্য আরও সহজ হবে।”

এমবি এইচআর