বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল

পূর্ব দিগন্তে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

Dec 16, 2025 - 13:54
 0  2
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পূর্ব দিগন্তে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। পিচঢালা সড়কে রাতের শিশির, কুয়াশাভেজা সকালের আবহ—সব মিলিয়ে শ্রদ্ধা আর আবেগের এক অনন্য পরিবেশ তৈরি হয়। ১৬ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে।

সকাল সাড়ে ৬টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। কিছুক্ষণ পর সেখানে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দিনের প্রথম প্রহরে রাষ্ট্রপতি শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা, কূটনীতিকসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। পরে বীরশ্রেষ্ঠদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকেরা শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরই স্মৃতিসৌধ–সংলগ্ন ঢাকা–আরিচা মহাসড়কের পাশে অপেক্ষায় থাকা মানুষের ঢল নামে। ব্যক্তি, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বেদি ফুলে ফুলে ভরে ওঠে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ দলের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শিশু-কিশোরদের অনেকেই পরিবারের সঙ্গে এসেছেন—কারও হাতে জাতীয় পতাকা, কারও গালে-কপালে আঁকা লাল-সবুজ, কারও মাথায় পতাকাখচিত ব্যান্ড।

শ্রদ্ধা নিবেদন শেষে আলোকচিত্রী শহিদুল আলম বলেন, ‘যে অপশক্তি আমাদের দেশ ধ্বংস করার চেষ্টা করে, তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।’
সাভারের ব্যাংক কলোনি থেকে আসা সাবিহা তাবাচ্ছুম বলেন, ‘দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। যাঁদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এখানে এসেছি।’

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের এই ঢল আর ফুলে ফুলে ভরে ওঠা বেদি আবারও স্মরণ করিয়ে দেয়—স্বাধীনতার চেতনা এখনও মানুষের হৃদয়ে অম্লান।

এমবি এইচআর