দখলবাণিজ্যের দ্বন্দ্বে মুছাব্বির হত্যা, নির্দেশদাতা বিনাশ দাদা
রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার নেপথ্যের কারণ উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আধিপত্য বিস্তার ও দখলবাণিজ্যের দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ডিবি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার নেপথ্যের কারণ উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আধিপত্য বিস্তার ও দখলবাণিজ্যের দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ডিবি।
শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, মুছাব্বির হত্যার নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপ। তার নির্দেশে রহিম ও জিন্নাত সরাসরি কিলিং মিশনে অংশ নেয়।
তিনি জানান, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত আট থেকে নয়টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এসব গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বেরই ধারাবাহিকতায় মুছাব্বিরকে হত্যা করা হয়।
ডিবি কর্মকর্তা আরও জানান, শুক্রবার নরসিংদী থেকে রহিমকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১১ জানুয়ারি ডিবি ‘শুটার’ জিন্নাত ও হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বিল্লালসহ চারজনকে গ্রেপ্তার করে।
ইতোমধ্যে হত্যার দায় স্বীকার করে শুটার জিন্নাত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন তেজগাঁও থানায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এমবি এইচআর

