সাংবাদিক গ্রেপ্তার নিয়ে উদ্বেগ, আনিস আলমগীরের মুক্তি চায় সিপিজে

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আনা সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একই সঙ্গে বাংলাদেশে সংবাদমাধ্যমকে লক্ষ্যবস্তু করা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Dec 17, 2025 - 16:58
 0  3
সাংবাদিক গ্রেপ্তার নিয়ে উদ্বেগ, আনিস আলমগীরের মুক্তি চায় সিপিজে
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আনা সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একই সঙ্গে বাংলাদেশে সংবাদমাধ্যমকে লক্ষ্যবস্তু করা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৭ ডিসেম্বর) সিপিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে সিপিজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের সমন্বয়কারী কুনাল মজুমদার বলেন, “একটি ঐতিহাসিক নির্বাচনের কয়েক মাস আগে একজন সাংবাদিককে আটক করতে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ—সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের কর্তৃপক্ষকে অবিলম্বে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দিতে হবে এবং সরকারের সমালোচনামূলক মতামত প্রকাশের কারণে সংবাদমাধ্যমকর্মীদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে।”

সিপিজের বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৪ ডিসেম্বর (রবিবার) রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ওই সময় তিনি নিজেই মোবাইল ফোনে গণমাধ্যমকে বিষয়টি জানান। রাত সাড়ে ৮টার দিকে তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি জিম সেন্টার থেকে ডিবিপ্রধানের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেওয়া হয়।

পরদিন সকালে জানা যায়, আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে বিকেলে ডিবিপ্রধান গণমাধ্যমকে আনিস আলমগীরকে ওই মামলায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় আনিস আলমগীর ছাড়াও আরও তিনজনকে আসামি করা হয়েছে। জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।

এমবি এইচআর