জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইনবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আইন উপদেষ্টা বলেন, জুলাই–আগস্টে সংঘটিত রাজনৈতিক প্রতিরোধের ঘটনায় যেসব ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো সরকার প্রত্যাহার করবে। একই সঙ্গে এ ধরনের ঘটনায় নতুন করে কোনো মামলা করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
তিনি আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা হয়েছে কি না—তা খতিয়ে দেখার কাজ চলছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট সব মামলা পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই অধ্যাদেশের মাধ্যমে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি হয়রানি থেকে রক্ষা করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই মূল উদ্দেশ্য।
এমবি এইচআর

