আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল, শঙ্কার কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে চলমান আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

Dec 17, 2025 - 19:45
 0  2
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল, শঙ্কার কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দেশে চলমান আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিকেএমইএর প্রধান কার্যালয়ে জেলা পুলিশ ও শিল্প পুলিশের কাছে ছয়টি মিনি পিকআপ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিরাপত্তা ইস্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কে নির্বাচন করবেন আর কে করবেন না—এটি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। নিরাপত্তা একটি বড় বিষয় হলেও আজকের অনুষ্ঠানে সবাই নিরাপদেই উপস্থিত রয়েছেন। তিনি কেন নির্বাচন করবেন না, তা অনুসন্ধান করলে সাংবাদিকরাই ভালোভাবে জানতে পারবেন।

ভারতীয় দূতাবাসের ভিসা কার্যক্রম বন্ধ ও বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিষয়টি তিনি সাংবাদিকদের কাছ থেকেই প্রথম শুনেছেন। তিনি জানান, কয়েক দিন আগেই বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছিল। কূটনৈতিক অঙ্গনে এ ধরনের পারস্পরিক তলব একটি স্বাভাবিক প্রক্রিয়া।

বক্তব্যের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের প্রতিও শ্রদ্ধা জানান। তিনি বলেন, সাহসী ছাত্র-জনতা ও অকুতোভয় তরুণদের আত্মত্যাগের কারণেই জুলাই বিপ্লব সফল হয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন। একজন সাহসী জুলাই যোদ্ধা হিসেবে দেশের জন্য তাঁর বড় অবদান রয়েছে। তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

জেলা পুলিশ ও শিল্প পুলিশকে বিকেএমইএর গাড়ি উপহার দেওয়ার উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা, শ্রমিকদের সুরক্ষা এবং শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প অধ্যুষিত নারায়ণগঞ্জে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে এই যানবাহন সহায়ক হবে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা স্থান ত্যাগ করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশক্তি, ছাত্রদলসহ কয়েকটি সংগঠন ওসমান হাদির হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তার, লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ সাত দফা দাবি জানিয়ে তাঁর কাছে স্মারকলিপি প্রদান করে। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

এমবি এইচআর