জানাজা শেষে ঢাবির পথে শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে নেওয়া হচ্ছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জানাজা শেষে হাদির মরদেহবাহী অ্যাম্বুল্যান্স ঢাবির কেন্দ্রীয় মসজিদের পথে রওনা দেয়।

Dec 20, 2025 - 15:38
 0  3
জানাজা শেষে ঢাবির পথে শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে নেওয়া হচ্ছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জানাজা শেষে হাদির মরদেহবাহী অ্যাম্বুল্যান্স ঢাবির কেন্দ্রীয় মসজিদের পথে রওনা দেয়।

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে হাদির মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়। শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ময়নাতদন্ত সম্পন্ন হয় বলে জানান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)-এর সদস্যসচিব ডা. আব্দুল আহাদ।

গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরিফ ওসমান হাদি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তাঁর মরদেহ বাংলাদেশে পৌঁছায়। পরে সেটি জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তাঁর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।

এমবি এইচআর