মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল, খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা লাখো মানুষের অংশগ্রহণে পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

Dec 31, 2025 - 16:10
 0  2
মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল, খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা লাখো মানুষের অংশগ্রহণে পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজা নামাজে ইমামতি করেন।

জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

জানাজাকে ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা—বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়। যে যেখানে পেরেছেন, সেখানেই দাঁড়িয়ে জানাজায় অংশ নেন শোকার্ত মানুষ।

জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সবাই যেন তাঁর মরহুমা মায়ের জন্য দোয়া করেন। কারও কাছে তাঁর মায়ের কোনো ঋণ থাকলে তা পরিশোধের দায়িত্ব তিনি নিজে নেবেন বলেও জানান। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার কোনো আচরণ বা কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে করে রাষ্ট্রীয় প্রোটোকলে সেনাবাহিনীর হিউম্যান চেইনের মাধ্যমে মরদেহ সেখানে আনা হয়।

সকাল ৮টা ৫৪ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ বের করা হয়। প্রথমে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান। বেলা ১১টা ৫ মিনিটে সেখান থেকে মরদেহ নিয়ে যাত্রা শুরু হয় জানাজাস্থলের উদ্দেশে।

জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নিতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরা ঢাকায় অবস্থান করছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি জানাজা উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এমবি এইচআর