আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে আইনি দিক খতিয়ে দেখছে তথ্য মন্ত্রণালয়

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বিষয়ে নীরব থাকার সুযোগ নেই এবং রাষ্ট্র হিসেবে একটি প্রতিক্রিয়া জানানো জরুরি হয়ে পড়েছে।

Jan 4, 2026 - 13:47
 0  2
আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে আইনি দিক খতিয়ে দেখছে তথ্য মন্ত্রণালয়
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বিষয়ে নীরব থাকার সুযোগ নেই এবং রাষ্ট্র হিসেবে একটি প্রতিক্রিয়া জানানো জরুরি হয়ে পড়েছে।

রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি ভিত্তি, প্রক্রিয়া এবং কর্তৃত্ব পর্যালোচনা করা হচ্ছে।

তথ্য উপদেষ্টা বলেন, খেলাধুলাকে সাধারণত রাজনৈতিক উত্তেজনা কমানোর মাধ্যম হিসেবে দেখা হয়। কিন্তু এই ঘটনায় উল্টোভাবে খেলাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে বাদ দেওয়ার সিদ্ধান্ত দেশের জনগণের মধ্যে আঘাত ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

তিনি আরও বলেন, খেলোয়াড়ি দক্ষতা বা পারফরম্যান্সের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত হলে সেটি ভিন্ন বিষয় হতো। কিন্তু রাজনৈতিক বিবেচনায় এমন সিদ্ধান্ত গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সে কারণেই রাষ্ট্রকে একটি অবস্থান নিতে হচ্ছে।

প্রসঙ্গত, চলতি আইপিএলে মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এ ঘটনায় বাংলাদেশে ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইনি কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যালোচনা শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মতবিনিময় সভায় তিনি জাতীয় নির্বাচনের আগে সম্প্রচার অধ্যাদেশ ও গণমাধ্যম কমিশন অধ্যাদেশ প্রণয়নের প্রচেষ্টার কথাও জানান। একই সঙ্গে জাতীয় নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত গ্রহণযোগ্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সভায় বিএসআরএফের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

এমবি এইচআর