নির্বাচন ও গণভোট ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ রোববার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

Jan 11, 2026 - 11:32
 0  2
নির্বাচন ও গণভোট ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ রোববার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা হবে।

ইসির উপ-সচিব মো. মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ জানুয়ারি সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০)-এ এ সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ, বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআইয়ের মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক এবং র‍্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

ইসি সূত্র জানায়, নির্বাচন ও গণভোটকে ঘিরে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মোতায়েন এবং সমন্বিত দায়িত্ব পালনের বিষয়ে এই বৈঠকে দিকনির্দেশনা দেওয়া হবে।

এমবি এইচআর