গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাবে সরকার : প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন গণভোটে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে এবং এ ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন গণভোটে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে এবং এ ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকার “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা চালাবে। এ বিষয়ে সরকার লিগ্যাল অপিনিয়ন নিয়েছে। দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা লিখিতভাবে জানিয়েছেন, এই সরকার “হ্যাঁ” ভোটের পক্ষে ভোট চাইতে পারে এবং এতে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।’ তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাই প্রস্তুত রয়েছে এবং নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রেস সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। আসন্ন নির্বাচনে ইইউ বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে। তিনি বলেন, ‘এর আগে তারা কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি, কারণ তারা মনে করেছিল আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন ঘিরে বর্তমানে ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। সরকার কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না।’
শফিকুল আলমের ভাষ্য, নির্বাচনে সোশ্যাল মিডিয়া বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে। তবে এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি জানান, নারী ও তরুণ ভোটারদের মধ্যে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরকার ও নির্বাচন কমিশনের মতে, নির্বাচনের আগে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। দু-একটি বিচ্ছিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সরকার প্রতিটি বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সব ঘটনায় আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।
এমবি এইচআর

