রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও প্রধান উপদেষ্টার সফরের প্রশংসা রাশেদ খানের
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ধারাবাহিক বিদেশ সফরের মাধ্যমে আওয়ামী লীগকে বিশ্বের কাছে অপ্রাসঙ্গিক ও ফ্যাসিস্ট শক্তি হিসেবে উপস্থাপন করা সম্ভব হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ধারাবাহিক বিদেশ সফরের মাধ্যমে আওয়ামী লীগকে বিশ্বের কাছে অপ্রাসঙ্গিক ও ফ্যাসিস্ট শক্তি হিসেবে উপস্থাপন করা সম্ভব হয়েছে। এজন্য তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন, যদিও এসব সফরে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ খান তার পোস্টে লেখেন, প্রধান উপদেষ্টার বয়স ৮৫ বছর হয়েও তিনি যেভাবে একের পর এক বিদেশ সফর করছেন, তা সত্যিই বিস্ময়কর। মাঝে মাঝে তার এই সফর নিয়ে সমালোচনা করতে ইচ্ছে হয়, এমনকি আগেও করেছেন বলেও উল্লেখ করেন তিনি। বিশেষ করে জাতিসংঘ সফরে বড় বহর নিয়ে যাওয়া রাষ্ট্রের জন্য ব্যয়বহুল ছিল বলে মন্তব্য করেন রাশেদ।
তিনি আরও লিখেন, “প্রধান উপদেষ্টা গত ১৪ মাসে ১৪ বার বিদেশ সফর করেছেন। এতে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়েছে—এটা ঠিক, কিন্তু এর মাধ্যমে রাষ্ট্রের অনেক উপকারও হয়েছে।”
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, গণ–অভ্যুত্থানের পর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টা সেই কাজটি সফলভাবে সম্পন্ন করেছেন। তার সফরের মাধ্যমেই আওয়ামী লীগকে বিশ্বের কাছে একটি ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি হিসেবে তুলে ধরা সম্ভব হয়েছে।
রাশেদ খান তার পোস্টের শেষাংশে লেখেন, “রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও এই কৌশলগত সাফল্যের জন্য আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই।”
এমবি এইচআর

