‘আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’—বিতর্কে ইউপি সদস্য

“আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী”—এমন মন্তব্য করে ব্যাপক আলোচনায় এসেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সোহাগ মৃধা।

Oct 22, 2025 - 18:16
 0  2
‘আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’—বিতর্কে ইউপি সদস্য
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

“আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী”—এমন মন্তব্য করে ব্যাপক আলোচনায় এসেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সোহাগ মৃধা। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তার এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

জানা গেছে, পাঁচ বছর আগে নিজের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ভাই ও চাচাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায়ও তিনি আলোচনায় ছিলেন। স্থানীয়দের দাবি, মামলায় রেহাই পেতে তার ভাই ও চাচা ৫০ হাজার টাকা দিলেও হয়রানি থেকে মুক্তি পাননি।

মামলার সাক্ষী আলিম মিয়া জানান, তিনি কাউকে আগুন দিতে দেখেননি, বরং কাঠ কেটে ফেরার পথে সোহাগ মৃধার দোকানে আগুন জ্বলতে দেখেছেন।

সোহাগের চাচা মো. জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, ওয়ারিশ সম্পত্তি বঞ্চিত করতে সোহাগ তার ভাইকে হয়রানি করতেন এবং প্রতিবাদ করায় তাকে চুরির মামলায় জড়ান। পরে নিজ ঘরে আগুন দিয়ে উল্টো তাদের নামেই মামলা করেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি ৫০ হাজার টাকা নিলেও রেহাই দেননি বলে অভিযোগ তার।

বলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মহাব্বাত হোসেন বলেন, সোহাগ মূলত সুবিধাবাদী চরিত্রের মানুষ। ক্ষমতায় যেই সরকারই থাকুক না কেন, তিনি সেই দলের পরিচয়ে প্রভাব খাটান। আওয়ামী লীগ সরকারের সময়ও দলীয় পরিচয় ব্যবহার করে নানা অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ তার।

স্থানীয়দের মতে, সোহাগ মৃধা এলাকায় আতঙ্কের প্রতীক হয়ে উঠেছিলেন। প্রতিপক্ষকে ফাঁসানো, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি বিএনপি পরিচয়ে সক্রিয় হয়েছেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলম বলেন, “শুনেছি তিনি আগে আওয়ামী লীগ করতেন। এখন বিএনপি বলছেন, তবে তিনি আমাদের দলের কেউ নন।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য সোহাগ মৃধা বলেন, তিনি কাউকে মিথ্যা মামলা দেননি। তার ভাষায়, “আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী। ইউপি সদস্যদের নির্দিষ্ট দল থাকে না— যে সরকার আসে, তার হয়ে কাজ করি।”

এমবি এইচআর