ছাত্রশক্তির আহ্বায়ককে লক্ষ্য করে ককটেল হামলার অভিযোগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৮টা ২৩ মিনিটের দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি নিজেই।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নিজের ফেসবুক পোস্টে আবু বাকের লিখেছেন,
“কিছুক্ষণ আগে, ৮টা ২৩/২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি, দোয়া করবেন।”
এ ঘটনায় এখনো পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) বিলুপ্ত করে নতুন নামে জাতীয় ছাত্রশক্তি গঠনের ঘোষণা দেয় এনসিপি। এর মধ্য দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়করা নতুন এই সংগঠনটির সূচনা করেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাগছাসের নাম ঘোষণা করা হয়েছিল। প্রতিষ্ঠাকাল থেকেই আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আবু বাকের মজুমদার।
এমবি এইচআর