বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী মেয়েরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম

বিএনপি ক্ষমতায় গেলে দেশে আবারও অরাজক পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম।

Oct 27, 2025 - 15:08
 0  2
বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী মেয়েরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপি ক্ষমতায় গেলে দেশে আবারও অরাজক পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না। সচেতন হোন জনগণ, আর কত? চাঁদাবাজ, জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না? 

রোববার (২৬ অক্টোবর) বিকালে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার’, ‘জুলাই সনদ বাস্তবায়ন’ এবং ‘সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন’-এর দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফয়জুল করিম বলেন, অতীতে যে চাঁদাবাজি ও অন্যায়ের অভিযোগে আওয়ামী লীগকে সরানো হয়েছিল, সেই অনিয়ম এখনও অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দুর্নীতি, বৈষম্য ও দখলদারির রাজনীতি থেকে বের হতে পারেনি, বরং তা আরও বেড়েছে।

তিনি আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগ—উভয় দলের ব্যর্থতা দেশের মানুষকে হতাশ করেছে। যারা অতীতে সহিংসতা ও অনিয়মে যুক্ত ছিল, তারা আবার ক্ষমতায় ফিরলে জনগণের দুর্ভোগ বাড়বে। বর্তমান সরকারের সময়ে বিএনপি বিএনপির মধ্যে প্রকাশ্যে যত খুন হয়েছে, আওয়ামী লীগের আমলে এতটা হয়নি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ন্যায়ভিত্তিক নির্বাচন ব্যবস্থা ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি বাস্তবায়ন ছাড়া জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়। তিনি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ঝালকাঠি-২ আসনের প্রার্থী ড. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নূরুল ইসলাম আল-আমিন চৌধুরী, এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাহবুব আলম।

এমবি এইচআর