মেট্রো রেল দুর্ঘটনা; নিহত কালামের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিলেন বিএনপি নেতা
নিহত আবুল কালাম আজাদের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ।
মেঘনাবার্তা প্রতিনিধি: রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ। নিহতের দুই সন্তানের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তিনি নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে নিহত আজাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তিনি পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সরকারের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন।
শফিকুর রহমান কিরণ বলেন, “আমরা শুধু একটি সন্তান নয়, সমাজের এক কর্মক্ষম তরুণকে হারিয়েছি। এই ক্ষতি কোনো ক্ষতিপূরণে পূরণ হওয়ার নয়। তবে পরিবারের আর্থিক কষ্ট লাঘবে আমি ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করছি। প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি একটি রাষ্ট্রীয় প্রকল্পে ভয়াবহ অবহেলার ফল। বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে একজন মানুষ মারা যাওয়া অগ্রহণযোগ্য। এতে প্রকৌশল ত্রুটি এবং নিম্নমানের কাজের প্রমাণ মেলে।”
সাবেক সংসদ সদস্য কিরণ জানান, তিনি নিজেই দুই শিশুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন এবং বিএনপি ক্ষমতায় এলে নিহতের স্ত্রীকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া কেন্দ্রীয় ও জেলা বিএনপির পক্ষ থেকেও পরিবারের জন্য আর্থিক সহায়তার প্রক্রিয়া চলছে।
ঘটনাস্থলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমবি/এসআর

