জুলাই সনদে বিএনপির সই করা পাতা বদলে দেওয়া হয়েছে : রিজভী
জুলাই জাতীয় সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা বদলে অন্য পাতা যুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জুলাই জাতীয় সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা বদলে অন্য পাতা যুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাগ্রামে জন্মান্ধ গফুর মল্লিককে আর্থিক সহায়তা প্রদানের পর সাংবাদিকদের তিনি বলেন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্বাক্ষর থাকা মূল কাগজ পরিবর্তন করে কমিশনে নতুন পাতা জমা দেওয়া হয়েছে। এমন কাজ দুঃখজনক ও অনৈতিক।
রিজভী অভিযোগ করেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে বিএনপি ও আন্দোলনরত সব দল সমর্থন করেছিল। কিন্তু তার গঠন করা কমিশনের মাধ্যমে এমন প্রতারণামূলক কাজ করা হয়েছে, যা জনগণ প্রত্যাশা করেনি।
তিনি বলেন, শেখ হাসিনার আমলের ভয় ও দমন-নীতির সময় পেরিয়ে মানুষ কিছুটা স্বাধীনতা পেলেও এখনো সম্পূর্ণ স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ তৈরি হয়নি। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর— তা কতটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, দেশ এখন এক ভিন্ন বাস্তবতায় রয়েছে। এক সময় ছিল ফ্যাসিবাদী শাসন, গুম-খুন ও ভয়ভীতির রাজনীতি। এখন জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা, কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।
এদিকে জন্মান্ধ গফুর মল্লিকের মানবিক গল্প বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে। পরে তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে এই সংগ্রামী বৃদ্ধের পাশে দাঁড়ানো হয়।
এমবি এইচআর

