‘বঙ্গবন্ধুর ছবি টাঙানোর বিধান কেন বহাল থাকবে’— বিএনপির ক্ষোভ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি-বেসরকারি অফিসে টাঙানোর বিধান বিলুপ্তির প্রস্তাব জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।
মেঘনাবার্তা প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি-বেসরকারি অফিসে টাঙানোর বিধান বিলুপ্তির প্রস্তাব জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে।”
তিনি জানান, মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে টাঙানোর বিধান [অনুচ্ছেদ ৪ (ক)] বিলুপ্ত করার বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল সম্মত হয়েছিল, কিন্তু তা চূড়ান্ত সনদে অন্তর্ভুক্ত করা হয়নি।
এছাড়া সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদের (পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল) বিলুপ্তির প্রস্তাবেও পরিবর্তন আনা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
অন্যদিকে, শেখ মুজিবের ছবি রাখার বিপক্ষে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতা আরিফুর রহমান তুহিন ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, “জুলাই সনদ থেকে বঙ্গবন্ধুর ছবি রাখার বিধান বাদ পড়লেই এনসিপি সনদে স্বাক্ষর করবে।”
তিনি আরও বলেন, “আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস না রাখার বিষয়টি অনেক দল মেনে নিলেও এনসিপি তা গ্রহণ করেনি, এ কারণেই দলটি এখনো স্বাক্ষর করেনি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বঙ্গবন্ধুর ছবি টাঙানো সংক্রান্ত বিতর্ক নতুন রাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে, যা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে।
এমবি এইচআর

