জামায়াতের সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে অভিনন্দন জানালেন হেফাজত আমির

নির্বাচনের আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা-বিধ্বংসী মওদুদীবাদী জামায়াতের জোট থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)–কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ।

Jan 21, 2026 - 16:06
 0  2
জামায়াতের সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে অভিনন্দন জানালেন হেফাজত আমির
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নির্বাচনের আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা-বিধ্বংসী মওদুদীবাদী জামায়াতের জোট থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)–কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান। বিবৃতিতে হেফাজত আমির বলেন, ৫ আগস্ট পরিবর্তিত বাংলাদেশের প্রেক্ষাপটে সহিহ আকিদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে হেফাজতে ইসলাম কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যেই মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহ্বান জানানো হয়েছিল এবং ঈমান ও আকিদা বিসর্জন দিয়ে কারও সঙ্গে জোট না করতে সতর্ক করা হয়েছিল।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মওদুদীবাদী জামায়াতের প্রভাব থেকে বেরিয়ে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা শুরু করতে পেরেছে। এটি ইসলামী রাজনীতিতে হকপন্থিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি সিদ্ধান্ত। এই একক পথচলা আগামী দিনে ইসলামপন্থী রাজনীতির জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হেফাজত আমির আরও বলেন, জামায়াতের সঙ্গে থাকার কারণে দেশে ইসলামপন্থী রাজনীতির বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। পীর সাহেব চরমোনাইয়ের একক রাজনৈতিক পথচলার সিদ্ধান্ত সেই সম্ভাব্য ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলে তিনি মনে করেন। এ সাহসী সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলনের আমির ও দলটির প্রতি বিশেষ মুবারকবাদ জানান তিনি।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, হেফাজতে ইসলাম বরাবরের মতো আসন্ন নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। তবে যারা নিরেট ইসলামপন্থাকে ধারণ করে জনগণ তাদেরই ভোট দেবেন বলে তিনি আশাবাদী। একই সঙ্গে ইসলামের নামে মওদুদীবাদ ও ভ্রান্ত আকিদা প্রচারকারীদের আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আগামী নির্বাচনে একই পথে চলবেন।

এমবি এইচআর