“আমরা মওদুদী নয়, মদিনার ইসলামের অনুসারী”: সালাহউদ্দিন আহমদ

Nov 1, 2025 - 18:17
 0  2
“আমরা মওদুদী নয়, মদিনার ইসলামের অনুসারী”: সালাহউদ্দিন আহমদ

মেঘনাবার্তা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা মওদুদী ইসলামের অনুসারী নই, আমরা মদিনার ইসলামের অনুসারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা যে ইসলাম চর্চা করেছেন, আমরা সেই ইসলামের অনুসারী। রাজনীতির স্বার্থে ইসলাম বিকৃতভাবে ব্যবহার করা কখনো কাম্য নয়।”

শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাসেমী পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আজ দেশে একটি গোষ্ঠী রাজনীতির জন্য ইসলামকে ব্যবহার করছে, মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের সচেতন থাকতে হবে যাতে কেউ ইসলামকে হাতিয়ার বানিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।”

সালাহউদ্দিনের মতে, “আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম, রাজনীতি তার পরের বিষয়। রাজনীতি হতে হবে ইসলামের আলোকে, মানুষের কল্যাণে।”

তিনি আওয়ামী লীগের রাজনীতি নিয়েও মন্তব্য করে বলেন, “আওয়ামী লীগের রাজনীতি ইসলামবিদ্বেষী, আলেমবিদ্বেষী ও মুসলিমবিদ্বেষী। জনগণ ইতিমধ্যেই তাদের নীতিকে প্রত্যাখ্যান করেছে। আমাদের উচিত সৎ রাজনীতি করা—যা মানুষের পাশে দাঁড়ায় এবং ইসলামের পক্ষে কথা বলে।”

মহাসম্মেলনের সভাপতিত্ব করেন মুফতি মনির হোসেন কাসেমী। অনুষ্ঠানে পাকিস্তানের আলেম মাওলানা সাঈদ আল হোসাইনসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতা ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।

এমবি/এসআর