গ্রেপ্তারকৃত যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো সমর্থকরা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে পুলিশের হাতে আটক থাকা গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

Nov 5, 2025 - 15:49
 0  3
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো সমর্থকরা
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে পুলিশের হাতে আটক থাকা গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পদে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকে বোরহানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে অরুয়াইল পুলিশ ক্যাম্পে আনা হয়। পরবর্তীতে বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ গোষ্ঠীর প্রায় দেড় থেকে দুইশ’ লোক পুলিশের ক্যাম্পে এসে তাকে মুক্তির জন্য চাপ প্রয়োগ করে।

রাতের দিকে বোরহানকে সিএনজিচালিত দুটি অটোরিকশায় করে সরাইল থানার উদ্দেশে নেওয়ার সময় তাদের ওপর হামলা চালিয়ে বোরহানকে পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতার বিষয়ে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এমবি এইচআর