ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচনের আশায় অ্যাটর্নি জেনারেল

সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের প্রধান আইনজীবী। তাই এই পদে থেকেও নির্বাচন করা আইনিভাবে সম্পূর্ণ বৈধ।

Nov 6, 2025 - 18:05
 0  3
ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচনের আশায় অ্যাটর্নি জেনারেল

মেঘনাবার্তা প্রতিনিধি: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে নির্বাচন করার প্রয়োজন নেই। তিনি জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল সরকারি কর্মচারী নয়, বরং সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের প্রধান আইনজীবী। তাই এই পদে থেকেও নির্বাচন করা আইনিভাবে সম্পূর্ণ বৈধ।

আজ বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিল শুনানি নিয়ে নিজের কার্যালয়ে ব্রিফিং চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল স্বাধীনভাবে নির্বাচন করতে পারেন এবং পদে থাকাকালীনও দায়িত্ব পালনের সময় আইন প্রয়োগ করেছেন। তিনি আরও জানান, সরকারের কোনো পদক্ষেপ যদি রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর মনে হয়, তবে তিনি সেটির বিরুদ্ধেও দাঁড়াতে পারেন।

মো. আসাদুজ্জামান গত বছর ৮ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

এর আগে ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সেই ঘোষণায় ঝিনাইদহ-১ আসনে মনোনীত প্রার্থীর নাম ছিল না। সাংবাদিকদের প্রশ্নে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, তিনি ওই আসনের জন্য মনোনয়ন চেয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

এমবি/এসআর