নভেম্বরের শেষেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
মেঘনাবার্তা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের শেষের দিকেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১২ নভেম্বর) ঢাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,“আমরা আশা করছি, এই মাসের শেষের দিকেই তিনি দেশে ফিরবেন। দু-একদিন এদিক-ওদিক হতে পারে, তবে আমরা আশাবাদী।”
এর আগে দলীয় সূত্র জানিয়েছিল, নভেম্বরের শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি।
২০০৮ সালে জরুরি অবস্থার সময় পরিবারসহ দেশ ছাড়েন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তখন থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন।
গত জুলাই মাসের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর জটিলতা কেটে গেলেও তিনি এখনো দেশে ফেরেননি।
গত ৬ অক্টোবর বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন,“দ্রুতই মনে হয়, দ্রুতই ইনশাআল্লাহ।”
নির্বাচনের আগে দেশে থাকার বিষয়ে তিনি আরও বলেন,“জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন হবে, তখন আমি কীভাবে দূরে থাকব? আমার সর্বোচ্চ চেষ্টা, ইচ্ছা ও আগ্রহ থাকবে সেই নির্বাচনে জনগণের মাঝেই থাকার।”
দীর্ঘ প্রায় দুই দশক ধরে বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কৌশলে নেতৃত্ব দিলেও তারেক রহমান কখনো সরাসরি নির্বাচনে প্রার্থী হননি।
তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হচ্ছেন।
উল্লেখ্য, তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে বগুড়া-৭ এবং ১৯৯৬ সাল থেকে বগুড়া-৬ আসনে নির্বাচন করেছেন এবং কখনো পরাজিত হননি।
মায়ের সেই ঐতিহ্যবাহী আসনেই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে বিএনপি নেতা তারেক রহমানের। নভেম্বরের শেষ সপ্তাহেই তাঁর প্রত্যাবর্তন ঘটতে পারে—দলীয় শীর্ষ সূত্রে এমন ইঙ্গিত মিলছে, যা আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে নতুন গতি আনতে পারে।
এমবি/এসআর

