লটারিতে বদলি দাবি করলো জামায়াত, নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির মতে, বদলির ক্ষেত্রে সবচেয়ে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও আস্থা তৈরির উপায় হলো লটারি পদ্ধতি।

Nov 19, 2025 - 12:53
 0  2
লটারিতে বদলি দাবি করলো জামায়াত, নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন নিয়ে প্রশ্ন
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির মতে, বদলির ক্ষেত্রে সবচেয়ে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও আস্থা তৈরির উপায় হলো লটারি পদ্ধতি।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে জামায়াতের পক্ষে এই দাবি তুলে ধরেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, মাত্র কয়েক দিনের ব্যবধানে হঠাৎ করে ডিসি–এসপিদের রদবদল পরিকল্পিত বলে মনে হচ্ছে। তাঁর ভাষায়, এক মাসও হয়নি, ২০ দিনও হয়নি—হঠাৎ করেই একজন ডিসি বদলি হয়ে গেছেন। আবার এই সপ্তাহে অনেককে স্থানান্তর করা হয়েছে। এর পেছনে যেন কোনো বিশেষ উদ্দেশ্য কাজ করছে।

জামায়াতের প্রস্তাব, লটারির মাধ্যমে কর্মকর্তাদের বদলি হলে কারও প্রতিকূলতা বা পক্ষপাতের অভিযোগ থাকবে না। মিয়া গোলাম পরওয়ার মনে করেন, নির্বাচনকে সুষ্ঠু–নিরপেক্ষ করতে সবচেয়ে বড় আস্থার জায়গা হলো নির্বাচন কমিশন। আগের কমিশনগুলো তফসিল ঘোষণার পর এক রাতে ডিসি–এসপিদের বদলি করলেও তা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি বলে তিনি উল্লেখ করেন।

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত হলেও আচরণবিধিতে তার উল্লেখ নেই—এ বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পাশাপাশি প্রবাসীদের পোস্টাল ব্যালটে গণভোটের ব্যবস্থা স্পষ্ট করা, প্রবাসীদের ভোটার নিবন্ধনে এনআইডির বিকল্প হিসেবে পাসপোর্ট অন্তর্ভুক্ত করা এবং লাউডস্পিকারের ব্যবহার সীমিতকরণ বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।

এ ছাড়া ভোটার তালিকায় ভোটারদের ছবি আরও স্পষ্ট করা, এবং প্রতিটি ভোটকেন্দ্রে পাঁচজন করে সেনাসদস্য মোতায়েনের প্রস্তাব করেন তিনি।

সংলাপে জামায়াতের পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং আইনজীবী শিশির মনির।

এমবি এইচআর