দেশে ফেরার সিদ্ধান্ত আমার একার হাতে নয়—তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বর্তমানে তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তাঁর নিজস্ব নিয়ন্ত্রণাধীন নয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বর্তমানে তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তাঁর নিজস্ব নিয়ন্ত্রণাধীন নয়। মায়ের গুরুতর অসুস্থতা সত্ত্বেও দেশে ফিরতে না পারার অসহায়তা ও মানসিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়।’
শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাও তুলে ধরেন।
তারেক রহমান লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দেশের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন। প্রধান উপদেষ্টা তাঁর সুস্থতার জন্য দোয়া করেছেন এবং সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশ-বিদেশের চিকিৎসকেরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুপ্রতিম কয়েকটি রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসার আগ্রহ প্রকাশ করা হয়েছে।’
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে তিনি বলেন, ‘সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সবার দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
দেশে ফেরার প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, ‘স্পর্শকাতর বিষয় হওয়ায় বিস্তারিত বলার সুযোগ সীমিত। তবে রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালেই দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমরা আশাবাদী।’
এমবি এইচআর

