সিলেটে আজ জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ

নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার সিলেটে বিভাগীয় সমাবেশ করছে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল।

Dec 6, 2025 - 11:23
 0  3
সিলেটে আজ জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার সিলেটে বিভাগীয় সমাবেশ করছে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল। দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই সমাবেশ শুরু হবে। আয়োজকদের দাবি, সিলেট বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা বিপুল সংখ্যায় এতে অংশ নেবেন।

সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে ইতোমধ্যে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে।

সমাবেশে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। এতে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।

লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, সমাবেশে লাখো মানুষের উপস্থিতি হবে বলে তাদের প্রত্যাশা। বিভাগের প্রতিটি উপজেলা থেকে নেতা-কর্মীরা ইতোমধ্যে সিলেটে এসে পৌঁছাতে শুরু করেছেন।

এমবি এইচআর