ড. ইউনূসের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের দাবিতে আওয়ামী লীগের ৩ দিনের কর্মসূচি, শনিবার দেশজুড়ে লকডাউন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ, দলের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করাসহ আট দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ, দলের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করাসহ আট দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি আগামী ১৩ ডিসেম্বর শনিবার সারা দেশে সকাল-সন্ধ্যা লকডাউনের ডাক দিয়েছে।
দলীয় একটি প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, নতুন কর্মসূচি পালন করা হবে ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
ঘোষিত সময়সূচি:
১১ ডিসেম্বর, বৃহস্পতিবার: সারা দেশে মশাল মিছিল।
১২ ডিসেম্বর, শুক্রবার: বাদ জুম্মা বিক্ষোভ মিছিল।
১৩ ডিসেম্বর, শনিবার: ঢাকা ও সারাদেশে সকাল-সন্ধ্যা লকডাউন।
দাবিসমূহ:
প্রচারপত্রে যেসব দাবি তুলে ধরা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য—
১. জনগণের জানমালের নিরাপত্তা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো।
২. বর্তমান সরকারকে ‘অবৈধ, দখলদার, খুনি ও ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ড. ইউনূসের পদত্যাগ দাবি।
৩. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও গায়েবী’ মামলা প্রত্যাহার।
৪. সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং আইসিটি কোর্ট বাতিল।
৫. আওয়ামী লীগের ওপর আরোপিত ‘অবৈধ নিষেধাজ্ঞা’ প্রত্যাহার করে নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করা।
দলের পক্ষ থেকে গণতন্ত্রমনা, শান্তিকামী ও দেশপ্রেমিক নাগরিকদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে। প্রচারপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ব্যবহৃত হয়েছে।
এমবি এইচআর

