তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চ প্রস্তুত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। এ উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।

Dec 22, 2025 - 12:01
 0  2
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চ প্রস্তুত
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। এ উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশজুড়ে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। বিএনপির নেতারা জানান, নির্মাণকাজ দ্রুত শেষ করতে কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

দলীয় নেতারা আরও জানান, দীর্ঘদিনের অপেক্ষার পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের খবরে দেশবাসী উচ্ছ্বসিত। আগামী ২৫ ডিসেম্বর তিনি ঢাকায় অবতরণ করে বনানী–কাকলী হয়ে সরাসরি ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চে যাবেন এবং সেখানে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেবেন।

এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের লিখিত অনুমতি পেয়েছে বিএনপি। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার রাত সাড়ে ৮টায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে আনুষ্ঠানিক অনুমতিপত্র পাঠিয়েছেন।

দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। উড়োজাহাজটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১১টা ৫৫ মিনিট।

বিএনপির নেতাকর্মীরা তাদের শীর্ষ নেতা ও দলের কাণ্ডারির এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলতে চান। এ লক্ষ্যে লাখ লাখ মানুষের অংশগ্রহণে নজিরবিহীন গণসংবর্ধনার আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংবর্ধনা আয়োজনের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক এবং রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করে একটি কেন্দ্রীয় সংবর্ধনা কমিটি গঠন করা হয়েছে।

নিরাপত্তা ইস্যুতেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিএনপি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবর্ধনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক এবং মানুষের উপস্থিতি হবে স্মরণীয়। আমরা চাই এই দিনটি বাংলাদেশের গত ৫৫ বছরের ইতিহাসের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যাক এবং আগামী ৫৫ বছরেও যেন এমন একটি দিন আর না আসে—সেভাবেই আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের কষ্টের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান বীরের বেশে দেশে ফিরছেন। স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে করে সারা দেশ থেকে লাখ লাখ মানুষের সমাগম নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত বগি বরাদ্দের জন্য আবেদন জানানো হয়েছে। তবে জনদুর্ভোগ যেন না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।

এমবি এইচআর