আমরা কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি জানি না : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বয়স ৭৮ বছর। সারা জীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ দেখার জন্য।

Dec 22, 2025 - 14:22
 0  2
আমরা কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি জানি না : মির্জা ফখরুল
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বয়স ৭৮ বছর। সারা জীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ দেখার জন্য। কিন্তু আজ যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কখনো দেখিনি। আমি জানি না, আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি।’

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

মির্জা ফখরুল বলেন, ‘প্রথম আলো বা ডেইলি স্টারের ওপর নয়—আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। আমার স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার এবং জুলাইযুদ্ধের চেতনার ওপর আবার আঘাত এসেছে। জুলাইযুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আজ সেই জায়গাতেই আঘাত হানা হয়েছে।’

তিনি বলেন, ‘এটা কোনো দলীয় বা রাজনৈতিক চিন্তার বিষয় নয়। এটি গণতন্ত্রকামী সব মানুষের বিষয়। এখন সময় এসেছে সবাই এক হওয়ার।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা যারা অন্ধকার থেকে আলোতে যেতে চাই, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই—তাদের শুধু সচেতন হলেই চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখনই রুখে দাঁড়ানোর সময়।’

সভায় উপস্থিতদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখানে এসে শুধু সংহতি প্রকাশ বা মানববন্ধন করলেই হবে না। সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে যারা বাংলাদেশকে ভালোবাসেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই অপশক্তিকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে।’

এমবি এইচআর