বিএনপির প্রস্তাব প্রত্যাখ্যান করে একক পথে নুরুল হক নুরের দল
বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। সোমবার (২২ ডিসেম্বর) দলের জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। সোমবার (২২ ডিসেম্বর) দলের জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপির সঙ্গে দুইটি আসনে সমঝোতার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সে পথে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরং দলীয় প্রতীকে এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ।
তিনি জানান, সভায় দলের নির্বাহী কমিটির সদস্য, আগ্রহী মনোনয়নপ্রত্যাশী এবং বিভিন্ন অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা বক্তব্যে বলেন, গণঅধিকার পরিষদ নিজেকে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে চায়।
সভায় আরও জানানো হয়, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত দলের মনোনয়নপত্র বিতরণ চলবে। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন।
এর আগে রোববার (২১ ডিসেম্বর) বিএনপির সঙ্গে বৈঠক করে গণঅধিকার পরিষদ। ওই বৈঠকে বিএনপির কাছে ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দেয় দলটি। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দুটি আসনে সমঝোতার আশ্বাস দেওয়া হয়।
সেই বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। গণঅধিকার পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য হাসান আল মামুন, আবু হানিফ ও হাবিবুর রহমান রিজু।
এমবি এইচআর

