প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, পাতানো নির্বাচনের আশঙ্কা জামায়াতের
আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়েছে এবং প্রশাসনের আচরণে আনুগত্যের যে চিত্র ফুটে উঠছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়েছে এবং প্রশাসনের আচরণে আনুগত্যের যে চিত্র ফুটে উঠছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, অতীতের মতো কোনো পাতানো নির্বাচন হলে দেশ আবারও ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতের নায়েবে আমির জানান, ইইউ প্রতিনিধিদের কাছে জামায়াতের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, জামায়াত আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে—এমন প্রত্যাশা করে। তবে বাস্তব চিত্র ভিন্ন বলেও তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, প্রশাসন একটি দলকে বাড়তি গুরুত্ব দিচ্ছে, যা নির্বাচনের জন্য ইতিবাচক নয়।
তিনি আরও বলেন, জামায়াত যদি ক্ষমতায় আসে, তাহলে সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে সরকার গঠন করা হবে।
এনসিপিকে ১০টি আসন ছাড় দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ কাল্পনিক। তিনি দাবি করেন, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে নির্বাচনী আসন সমঝোতার আলোচনা চলমান রয়েছে এবং শিগগিরই তা চূড়ান্ত হবে।
এমবি এইচআর

