প্রথম দিনেই টানা সাত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান আগামীকাল বৃহস্পতিবার সিলেট থেকে শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথম দিনেই তিনি একটানা সাতটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ড. মাহাদী আমিন।

Jan 21, 2026 - 13:39
 0  2
প্রথম দিনেই টানা সাত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান আগামীকাল বৃহস্পতিবার সিলেট থেকে শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথম দিনেই তিনি একটানা সাতটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ড. মাহাদী আমিন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ড. মাহাদী আমিন বলেন, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে যাবেন তারেক রহমান। গভীর রাতে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি।

এরপর পর্যায়ক্রমে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা এবং নারায়ণগঞ্জের গাউসিয়া এলাকায় আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। সব কর্মসূচি শেষে তিনি বৃহস্পতিবার গভীর রাতে ঢাকায় গুলশানের বাসায় ফিরবেন।

সংবাদ সম্মেলনে ড. মাহাদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে ত্যাগ ও ভূমিকা রেখেছেন, তার প্রতি সম্মান জানাতেই তারেক রহমান প্রতিটি সফরে পর্যায়ক্রমে ত্যাগী শীর্ষ নেতাদের সফরসঙ্গী হিসেবে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে থাকছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কয়েকজন ত্যাগী তরুণ নেতা। ভবিষ্যতের সফরগুলোতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান তিনি।

ড. মাহাদী আমিন আরও জানান, নির্বাচনী প্রচারণার সূচনালগ্নে বুধবার রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ২২ জানুয়ারির প্রথম প্রহরে ঢাকার লেকশোর হোটেলে বিএনপির নির্বাচনী থিমসং উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত থাকবেন প্রধান সমন্বয়ক ইসমাইল জবিহউল্লাহসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও দলের শীর্ষ নেতারা।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব রাজনৈতিক দল যদি সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান বজায় রেখে নির্বাচন আচরণবিধি মেনে চলে, তাহলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মাহাদী আমিন বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব কর্মকাণ্ড লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করতে পারে।

তিনি আরও বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতি নিয়ে জনগণের কাছে যাবে এবং অপপ্রচারের বিরুদ্ধে সঠিক অবস্থান তুলে ধরবে। দল একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং নির্বাচন কমিশনের কাছে নির্বাচনকে ত্রুটিমুক্ত ও বিতর্কমুক্ত রাখতে শক্ত ভূমিকা নেওয়ার আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জাকরিয়া, জুবায়ের বাবু, মোস্তাকুর রহমান এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।

এমবি এইচআর