এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়বেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, পুরনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. তাসনিম জারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। তিনি বলেন, “সব জায়গায় জটিলতা তৈরি হয়েছে। যে যার জবাবদিহি করবে, সেই তার নিয়োগকর্তা—এমন ব্যবস্থা কার্যকর নেই। দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নিয়ে আলোচনা ও চাপ অব্যাহত রাখা জরুরি।”
তিনি আরও বলেন, যারা ক্ষমতায় থাকবে, তাদের জবাবদিহিতা নিশ্চিত করাও সময়ের দাবি।
জনগণ পরিবর্তন চায় উল্লেখ করে তাসনিম জারা বলেন, “মানুষ আর পুরনো রাজনৈতিক বন্দোবস্ত মেনে নিতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমি দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসনে প্রার্থী হওয়ার কথা ছিল তাসনিম জারার। তবে পরবর্তীতে তিনি জানান, দলীয় প্রার্থী হিসেবে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
এমবি এইচআর

