গণঅধিকার ছাড়ার ব্যাখ্যায় রেজা কিবরিয়া: ইসরায়েলি অর্থে চলা দলে থাকা যায় না
গণঅধিকার পরিষদ ছেড়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করে ড. রেজা কিবরিয়া বলেছেন, যে দল ইসরায়েলিদের টাকায় পরিচালিত হয়, সেই দলে তার থাকা সম্ভব নয়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গণঅধিকার পরিষদ ছেড়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করে ড. রেজা কিবরিয়া বলেছেন, যে দল ইসরায়েলিদের টাকায় পরিচালিত হয়, সেই দলে তার থাকা সম্ভব নয়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বিভিন্ন সময়ে দল বদলের বিষয়ে প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, শুরুতে তিনি গণফোরামে ছিলেন। তবে সেখানে দলীয় কোন্দল প্রকট হয়ে ওঠে। তিনি বলেন, সংসদে যাওয়া হবে কি না—এই প্রশ্নে দল দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষ সংসদ বর্জনের পক্ষে, অন্য পক্ষ সংসদে যোগ দেওয়ার পক্ষে অবস্থান নেয়, যা দলের ভেতরে বড় ধরনের সংকট তৈরি করে।
গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল। জাফরুল্লাহ চৌধুরীর অনুরোধেই তিনি গণঅধিকার পরিষদে যোগ দেন। তবে সেখানে বেশিদিন থাকার সুযোগ হয়নি।
রেজা কিবরিয়া বলেন, “যেখানে একটি দল ইসরায়েলিদের প্রভাব ও অর্থের ওপর নির্ভরশীল, সেখানে আমার থাকার কোনো প্রশ্নই ওঠে না।” তিনি দাবি করেন, বিষয়টি শুরুতে তার জানা ছিল না। পরে একটি বৈঠকের তথ্য গণমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি সামনে আসে।
তিনি আরও বলেন, পরবর্তীতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, গণঅধিকার পরিষদের নেতা নূরুল হক নূরের সঙ্গে তিনটি স্থানে মোসাদের বৈঠক হয়েছে—এমন তথ্য প্রকাশ পাওয়ার পর তিনি বিষয়টি নিয়ে নিশ্চিত হন।
রেজা কিবরিয়ার এসব বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে।
এমবি এইচআর

