মবোক্রেসি সব জায়গায় চলে না, ঢাকা শহরে ভেসে আসিনি: মির্জা আব্বাস
মবোক্রেসি সব জায়গায় চলে না এবং চলা উচিতও নয়—এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, “আমি আল্লাহর রহমতে ঢাকা শহরে ভেসে আসিনি।”
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মবোক্রেসি সব জায়গায় চলে না এবং চলা উচিতও নয়—এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, “আমি আল্লাহর রহমতে ঢাকা শহরে ভেসে আসিনি।”
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ব্যালট পেপারে অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, “ব্যালট পেপারে যা দেখছি, তা উদ্দেশ্যমূলক। নির্বাচন কমিশনের উচিত দ্রুত এটি সংশোধন করা।”
তিনি আরও জানান, তারা এখনো আনুষ্ঠানিক কোনো নির্বাচনী প্রচারণা শুরু করেননি। তবে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
ঢাকা-৮ আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর আগের দিনের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, “আমি নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করিনি। দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই। এসব আমি আমলে নিচ্ছি না। তবে কেউ যদি ঢাকা-৮ আসনে মব বা উচ্ছৃঙ্খল জনতা তৈরি করার চেষ্টা করে, তার দায় তাকেই নিতে হবে।”
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু প্রার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দিতে চাইছেন। এতে আচরণবিধি লঙ্ঘনের ঝুঁকি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় মির্জা আব্বাসের সঙ্গে স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “যে কোনো ধরনের উসকানিতে কান দেবেন না। আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে, কোনো প্ররোচনায় পা দেবে না।”
এমবি এইচআর

