পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি: সালাহউদ্দিন

পোস্টাল ব্যালট নিয়ে চলমান বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

Jan 15, 2026 - 15:20
 0  2
পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি: সালাহউদ্দিন
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পোস্টাল ব্যালট নিয়ে চলমান বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, বৈঠকে নির্বাচনের আইনগত দিক এবং আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও ও ছবিতে দেখা গেছে, কিছু কিছু বাসায় ২০০ থেকে ৩০০টি করে ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও ব্যালট জব্দ হয়েছে, আবার কোথাও ভোটগ্রহণ শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া একজনের নামে পাঠানো ব্যালট অন্য কেউ গ্রহণ করছে এমন ঘটনা সামনে এসেছে।

তিনি আরও বলেন, প্রবাসীদের কাছে ব্যালট কীভাবে পাঠানো হয়েছে, তারা কীভাবে ভোট দেবেন এবং কোথায় স্ক্যান করবেন, এসব বিষয়ে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। নির্বাচন কমিশন বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজন হলে দ্রুত ব্যাখ্যা দিতে প্রস্তুত।

আচরণবিধি নিয়ে সালাহউদ্দিন বলেন, ভোটার স্লিপে ভোটারের নম্বর, প্রার্থীর নাম ও প্রতীক থাকা উচিত যাতে ভোটার অংশগ্রহণ বাড়ে। বর্তমানে আচরণবিধিতে ভোটার স্লিপে কোনো দলের নাম বা প্রার্থীর ছবি না দেওয়ার বিধান রয়েছে, যা পুনর্বিবেচনার দাবি করেছেন তিনি। তবে ভোটার স্লিপ দিয়ে ভোটে প্রভাব ফেলা যায় না, ভোটার নিজেই সিদ্ধান্ত নেবে।

সালাহউদ্দিন বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আগে বিএনপির চেয়ারপারসনের সফর স্থগিত হয়েছিল। এখন যদিও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কর্মকাণ্ডে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও নির্বাচন কমিশন নীরব, তাই বিএনপি বিষয়টি নজরে রেখেছে।

পোস্টাল ব্যালট ব্যবস্থায় তিনি প্রস্তাব দেন, সাধারণ নির্বাচনে ব্যবহৃত একই ব্যালট সংশ্লিষ্ট এলাকার পোস্টাল ব্যালট হিসেবেও ব্যবহার করা হোক। এতে আলাদা প্রতীকসংবলিত ব্যালট ছাপানোর প্রয়োজন হবে না এবং জটিলতা কমবে। নির্বাচন কমিশন এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এমবি এইচআর