কৌশলের নামে কখনো গুপ্ত রাজনীতি করেনি বিএনপি : তারেক রহমান
কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেনি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল অবস্থান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেনি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল অবস্থান।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, কৌশলের অজুহাতে বিএনপির নেতাকর্মীরা কখনো আত্মগোপন বা ভিন্ন পরিচয়ে রাজনীতি করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা সবসময় করা হয়েছে। ভবিষ্যতেও বিএনপি এসব পরিবারের পাশে থাকবে।
তিনি অভিযোগ করেন, বিগত সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষায়, ‘ফ্যাসিবাদী আমলে দেওয়া প্রতিটি মামলাই ছিল রাজনৈতিক প্রতিহিংসার ফল।’ তিনি বলেন, গুম-খুন ও নির্যাতনের শিকার হওয়া মানুষদের কষ্টের জন্য সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই, তবুও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি।
তারেক রহমান আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখা যাবে না। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দেবে বলে জানান তিনি।
বিএনপি ক্ষমতায় এলে গুম-খুনের শিকার শহীদদের স্মরণে সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন দলটির চেয়ারম্যান।
তিনি বলেন, কিছু মহল নানা অজুহাতে গণতন্ত্রের পথ ব্যাহত করতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হলে তা শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, এই মতবিনিময় সভায় সারা দেশ থেকে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্যরা অংশ নেন। সভায় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানান। সভাটির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামের দুটি সংগঠন।
এমবি এইচআর

