এনসিপি শাপলা পেলে ইসি নির্বাচন করার যোগ্যতা হারাবে : মাসুদ কামাল

Oct 20, 2025 - 11:14
 0  3
এনসিপি শাপলা পেলে ইসি নির্বাচন করার যোগ্যতা হারাবে : মাসুদ কামাল

মেঘনাবার্তা প্রতিনিধি: জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, “এনসিপি যদি শাপলা প্রতীক পায়, তাহলে আমি মনে করব এই নির্বাচন কমিশন নির্বাচনের যোগ্যতা হারাবে। এটা আমার স্পষ্ট বিবেচনা।”

শনিবার রাতে এক বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, “কোনো রাজনৈতিক দলের চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন কি প্রতীক দিতে পারে, যেটা নিয়মেই নেই? কমিশন তো নির্ধারিত তালিকা থেকে বেছে নিতে বলে। কিন্তু এনসিপি বলছে— আমরা এটা ছাড়া নিব না, এটা ছাড়া নিবন্ধনও নেব না। এই ধরনের উদাহরণ আমার জানা নেই।”

মাসুদ কামাল আরও বলেন, “যদি সত্যিই শাপলা প্রতীক দেওয়া হয়, তাহলে বুঝতে হবে এটি বিশেষ বিবেচনায় দেওয়া হচ্ছে। আর বিশেষ বিবেচনায় গেলেই সেটি নির্বাচন কমিশনের জন্য ক্ষতি বয়ে আনবে।”

তিনি মনে করেন, প্রতীক কোনো রাজনৈতিক ফ্যাক্টর নয়, আসল বিষয় হলো জনগণের সঙ্গে সংযোগ। তাঁর ভাষায়, “এনসিপিকে নিয়ে জনগণের অনেক প্রত্যাশা ছিল, আমিও ভেবেছিলাম তারা বিকল্প রাজনীতি গড়ে তুলবে। কিন্তু কিছু নেতার ব্যক্তিগত সীমাবদ্ধতা দলকে ক্ষতিগ্রস্ত করেছে।”

তবে আশাবাদী দৃষ্টিভঙ্গিও রেখেছেন বিশ্লেষক। “এনসিপি নতুন দল, তরুণ নেতৃত্ব। তাদের হাতে সময় আছে। প্রথম নির্বাচনে বড় কিছু না হলেও, ভবিষ্যতে তারা ভালো করতে পারবে,”— বলেন মাসুদ কামাল।

এমবি/এসআর