অর্থনীতির সর্বনাশ : দুর্নীতির ‘পৌষ মাস’

দেশের অর্থনীতি এখন এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ খাতে টানাপোড়েনের কারণে বহু উদ্যোক্তা দিশেহারা।

Oct 22, 2025 - 14:17
 0  2
অর্থনীতির সর্বনাশ : দুর্নীতির ‘পৌষ মাস’
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দেশের অর্থনীতি এখন এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ খাতে টানাপোড়েনের কারণে বহু উদ্যোক্তা দিশেহারা। এক শীর্ষস্থানীয় শিল্পপতির ভাষায়, “যেভাবে অতীতে বুদ্ধিজীবীদের টার্গেট করে হত্যা করা হয়েছিল, এখন তেমনি বড় শিল্পপতিদের টার্গেট করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।”

তাঁর দীর্ঘ অভিজ্ঞতার বর্ণনায় ফুটে উঠেছে—বিদ্যুৎ-গ্যাসের ঘাটতি, ব্যাংকিং খাতের অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকের অদ্ভুত নির্দেশনা এবং দুর্নীতিবাজদের তাণ্ডবে দেশের ব্যবসাবান্ধব পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে চলতে থাকলে অনেক সম্মানিত উদ্যোক্তা আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হবেন।

অর্থনীতির এই টালমাটাল অবস্থার প্রতিফলন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। একসময় বিনোদন বা গসিপে মগ্ন থাকা নেটিজেনরা এখন অর্থনৈতিক দুঃশ্চিন্তা নিয়ে সরব। ভাইরাল হওয়া ওই শিল্পপতির ভিডিও লাখো মানুষ দেখছেন, করছেন নানা মন্তব্য—যার বেশির ভাগই বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রতি আস্থাহীনতা প্রকাশ করছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর আইএমএফসহ দাতা সংস্থাগুলো কেন হঠাৎ অর্থছাড় স্থগিত করেছে—সে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। বিদেশি বিনিয়োগ নেই, দেশীয় বিনিয়োগও থমকে গেছে। বন্ধ হয়ে যাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, চাকরি হারাচ্ছেন লাখো মানুষ। গত এক বছরে ৩০ লাখ মানুষ বেকার হয়েছেন, চলতি অর্থবছরের শেষে এ সংখ্যা আরও ৩০ লাখ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বব্যাংক ও আইএমএফের সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি মাত্র ৪ শতাংশের নিচে নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। এক বছরের ব্যবধানে তিনবার সংশোধিত এই প্রবৃদ্ধি হার নির্দেশ করছে যে অর্থনীতি ভয়াবহ মন্দার দিকে এগোচ্ছে।

অন্যদিকে, অর্থনৈতিক মন্দার মধ্যেই দেশে নতুন কোটিপতির সংখ্যা বেড়েছে ছয় হাজার—সরকারি হিসেবে। বাস্তবে এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। যেখানে জিডিপি কমছে, সেখানেই কোটিপতির সংখ্যা বাড়া—দুর্নীতির ভয়াবহ চিত্র স্পষ্ট করছে।

অর্থনৈতিক সংকটের কারণে প্রায় এক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, আর রাজনৈতিক অস্থিরতায় আরও এক কোটি মানুষ ভিটেমাটি ছেড়েছেন। এ ছাড়া চলতি বছরে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় তিন লাখ কোটি টাকা, যা দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।

বিশ্লেষকদের মতে, দুর্নীতি, কুশাসন ও রাজনৈতিক অনিশ্চয়তা এখন দেশের অর্থনীতিকে ‘মৃতপ্রায়’ করে তুলেছে। এই অবস্থায়ও দুর্নীতিবাজদের উল্লাসনৃত্য চলছে অব্যাহতভাবে।
দেশের মানুষ তাই প্রশ্ন তুলছে—“অর্থনীতির এই জাহান্নাম থেকে আমাদের উদ্ধার করবে কে?”

এমবি এইচআর