ডাকসুর পদবি ব্যবহার করে শিক্ষকদের ওপর মবতন্ত্র অনাকাঙ্ক্ষিত: নাছির

ডাকসুর পদবি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর মবতন্ত্র প্রয়োগ করা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

Oct 27, 2025 - 15:49
 0  2
ডাকসুর পদবি ব্যবহার করে শিক্ষকদের ওপর মবতন্ত্র অনাকাঙ্ক্ষিত: নাছির
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ডাকসুর পদবি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর মবতন্ত্র প্রয়োগ করা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার এক ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্ছেদ অভিযান চলাকালে ডাকসুর কিছু নেতার আচরণ ও প্রশাসনের সঙ্গে তাদের অশোভন ব্যবহার প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

নাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয়ের সঙ্গে কিছু ডাকসু নেতার আক্রমণাত্মক আচরণ অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনাটি শুধু ট্রেজারার নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তিনি উল্লেখ করেন, বিগত প্রশাসনের অব্যবস্থাপনার দায় বর্তমান ট্রেজারারের ওপর চাপানো কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।

তিনি আরও বলেন, ডাকসুর পদবি ব্যবহার করে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করা বা মবতন্ত্র প্রয়োগ করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। দাবিদাওয়া আদায়ে নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে, এটাই শিক্ষার্থীদের শোভা পায়।

নাছির ক্যাম্পাসের নিরাপত্তা ইস্যুতে বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। ক্যাম্পাসে ভবঘুরে, নেশাগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের উপস্থিতি শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতা জরুরি।

তিনি আরও বলেন, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিচালনার ক্ষেত্রে একটি স্পষ্ট নীতিমালা প্রণয়ন করা দরকার। দীর্ঘদিন ধরে যারা ক্যাম্পাসে দোকান পরিচালনা করে আসছেন, তাদের হঠাৎ উচ্ছেদ না করে একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়ার আওতায় আনা উচিত।

পোস্টের শেষাংশে নাছির আহ্বান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে দোকানগুলোকে নিয়মের আওতায় আনা, যাতে ভবিষ্যতে নতুন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

এমবি এইচআর