শিক্ষকদের ওপর হামলার নিন্দা, আন্দোলনে সমর্থন হাসনাত আব্দুল্লাহর
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ শাহবাগে বিক্ষোভ করতে গেলে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ শাহবাগে বিক্ষোভ করতে গেলে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষকরা আগামীকাল রবিবার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শিক্ষকদের প্রতি এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি এখনো পূরণ হয়নি। পরিস্থিতি সুষ্ঠুভাবে সমাধান না হওয়া পর্যন্ত তিনি আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকবেন। শিক্ষকদের ওপর সংঘটিত হামলাকে অযৌক্তিক উল্লেখ করে তিনি দ্রুত সমস্যার সমাধান করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও তাদের গ্রেড বৈষম্য, পদোন্নতি কাঠামো ও সুযোগ-সুবিধা সংশোধনের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। আজকের ঘটনার পর আন্দোলন আরও বেগবান হবে বলেও জানিয়েছেন শিক্ষক নেতারা।
এমবি এইচআর

