‘ক্লাসিকো বিতর্কে’ অবশেষে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র অবশেষে মুখ খুলেছেন বহুল আলোচিত ‘ক্লাসিকো বিতর্ক’ নিয়ে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র অবশেষে মুখ খুলেছেন বহুল আলোচিত ‘ক্লাসিকো বিতর্ক’ নিয়ে। বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর কোচ জাবি আলোনসোর প্রতি তাঁর ক্ষোভের প্রকাশ ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেটির অবসান ঘটালেন ক্ষমা চেয়ে।
ভ্যালদেবেবাসের অনুশীলন মাঠে সতীর্থদের সামনে প্রথমে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন ভিনিসিয়ুস। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি লেখেন—
“আজ আমি রিয়াল মাদ্রিদের সব ভক্তদের কাছে ক্ষমা চাইছি। ক্লাসিকোতে বদলি হওয়ার সময় আমার প্রতিক্রিয়া সঠিক ছিল না। আমি ইতিমধ্যে অনুশীলনে আমার সতীর্থ, ক্লাব ও সভাপতি— সবার কাছেই দুঃখ প্রকাশ করেছি।”
ভিনিসিয়ুস আরও লেখেন, “কখনও কখনও আমার আবেগ আমাকে ছাপিয়ে যায়। আমি সবসময় জিততে চাই, দলকে সাহায্য করতে চাই। আমার প্রতিযোগিতামূলক মানসিকতা আসে এই ক্লাবের প্রতি ভালোবাসা থেকে। প্রথম দিন থেকেই যেমন লড়েছি, তেমনই প্রতিটি সেকেন্ডে রিয়াল মাদ্রিদের জন্য লড়াই চালিয়ে যাব— এটাই আমার প্রতিশ্রুতি।”
ক্লাসিকোতে ৭২ মিনিটে বদলি হওয়ার সময় তাঁর প্রতিক্রিয়া ছিল তীব্র— রাগে মুখ গোমড়া করে সোজা টানেলে চলে যান তিনি। ম্যাচ শেষে কোচ আলোনসো শুধু বলেন, “এ নিয়ে আমরা কথা বলব, এখন জয় উপভোগ করি।”
আজকের সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, “ভিনির প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আবেগ ও ব্যক্তিত্ব— এই দুটোই ওর খেলার বড় অংশ। এমন পরিস্থিতি দলগুলোতে আসে, কিন্তু আমাদের মধ্যে বোঝাপড়া আছে। আমরা কথা বলব, সেটাই যথেষ্ট।”
এমবি এইচআর

