ভিনিসিয়ুসের বিকল্প খুঁজে পেয়েছে রিয়াল , হালান্ড হতে পারেন নতুন লক্ষ্য

Oct 30, 2025 - 14:10
 0  2
ভিনিসিয়ুসের বিকল্প খুঁজে পেয়েছে রিয়াল , হালান্ড হতে পারেন নতুন লক্ষ্য

মেঘনাবার্তা প্রতিনিধি: রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ক্রমেই জটিল হচ্ছে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ। ব্রাজিলিয়ান এই তারকা ক্লাবের নির্ধারিত বেতন কাঠামোর সীমা মানতে রাজি নন, ফলে দুই পক্ষের আলোচনায় দেখা দিয়েছে অচলাবস্থা।

বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিয়ুস। তবে জানা গেছে, যদি নিজের কাঙ্ক্ষিত শর্তে নতুন চুক্তি না পান, তাহলে তিনি মেয়াদ শেষে বিনামূল্যে ক্লাব ছাড়ার পরিকল্পনা করেছেন।

ভিনিসিয়ুস চান ক্লাবের তারকা কিলিয়ান এমবাপ্পের সমান বেতন পেতে। কিন্তু রিয়াল মাদ্রিদ জানিয়ে দিয়েছে, এমবাপ্পে ফ্রি এজেন্ট হিসেবে আসায় সাইনিং বোনাসসহ বেশি আয় করছেন, যা ভিনিসিয়ুসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ক্লাব ইতিমধ্যেই তাকে ২০ মিলিয়ন ইউরো নেট বেতন ও পারফরম্যান্স বোনাসসহ সর্বোচ্চ ২৫ মিলিয়নের প্রস্তাব দিয়েছে।

তবু ভিনিসিয়ুস সেই প্রস্তাবে সন্তুষ্ট নন।

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের নীতি স্পষ্ট, বেতন কাঠামোর সীমা ভাঙা যাবে না, কারণ এতে দলের অন্য তারকারাও একই দাবি তুলতে পারেন। ফলে পরিস্থিতি এমন জায়গায় গড়িয়েছে যে, ভিনিসিয়ুস যদি শর্ত না মানেন, তাহলে গ্রীষ্মকালেই তার বিদায়ের পথ খুলে যেতে পারে।

রিয়াল মাদ্রিদ চাইছে, প্রয়োজনে আগামী গ্রীষ্মেই ভিনিসিয়ুসকে বিক্রি করে বড় একটি ট্রান্সফার সম্পন্ন করতে। সেই সম্ভাব্য নাম আর্লিং হালান্ড।

ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকারকে দলে টানতে আগ্রহী মাদ্রিদ, যদিও সিটির সঙ্গে তার চুক্তি ২০৩৪ সাল পর্যন্ত। তবু ক্লাব কর্তাদের বিশ্বাস, হালান্ডের এজেন্ট রাফায়েলা পিমিয়েন্তার সঙ্গে সুসম্পর্ক কাজে লাগানো যেতে পারে।

অনেকেই বলেছেন, মৌসুম শেষে হালান্ড সিটি ছাড়তে পারেন। অন্যদিকে, ভিনিসিয়ুসের সৌদি আরবে যাওয়ার সম্ভাবনা নিয়েও গুঞ্জন চলছে। যদি রিয়াল মাদ্রিদ ২০০ মিলিয়ন ইউরো পায়, তাহলে সেই অর্থ হালান্ডের ট্রান্সফারে ব্যবহার করতে পারবে।

এমবি/এসআর