ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, ক্রিকেট আভিজাত্যের খেলা: আসিফ

Nov 10, 2025 - 10:39
 0  2
ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, ক্রিকেট আভিজাত্যের খেলা: আসিফ

মেঘনাবার্তা প্রতিনিধি:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। বিসিবির বর্তমান বোর্ডে চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত পরিচালক তিনি।

কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় আসিফ আকবর অভিযোগ করেন, দেশের প্রায় প্রতিটি জেলার স্টেডিয়ামই ফুটবলের দখলে, যার ফলে ক্রিকেট আয়োজন ব্যাহত হচ্ছে। তিনি বলেন, কুমিল্লায় ১২ নভেম্বর জেলা ক্রিকেট লিগ শুরুর কথা থাকলেও ২৪ নভেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে আবাহনী-মোহামেডান ফুটবল ম্যাচ। এই প্রসঙ্গে তিনি আরও দাবি করেন, “প্রায় সব জেলাতেই ফুটবল স্টেডিয়াম দখল করে রেখেছে, এমন জায়গাতেও ফুটবল চালানো হচ্ছে যেখানে তাদের কাজই নেই। ফুটবলারদের আচরণও অনেক সময় খারাপ হয়।”

তিনি ক্রিকেটকে আভিজাত্যের খেলা হিসেবে বর্ণনা করে বলেন, “ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা। এখানে অনেক নিয়মকানুন আছে, এটা রেকর্ডের খেলা।”

ফুটবলের কারণে ক্রিকেটের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। “সারা দেশে ফুটবলারদের কারণে উইকেট নষ্ট হয়, খেলা চালানো যায় না,” বলেন আসিফ।

নিজের বক্তব্যে তিনি আরও বলেন, প্রয়োজনে মাঠের অধিকার রক্ষায় শক্ত অবস্থান নিতেও প্রস্তুত আছেন। “আমি অত ভদ্র না। যদি ফুটবল মারপিট করে, আমিও করব। আমরা চাঁদা চাচ্ছি না, কিডনি চাচ্ছি না, আমরা শুধু খেলার অধিকার চাই,” যোগ করেন তিনি।

এসময় তিনি বিসিবি সভাপতি ও সিনিয়র সদস্যদের প্রতি আহ্বান জানান দ্রুত বাফুফের সঙ্গে আলোচনায় বসার জন্য, যাতে দেশের ক্রিকেটাররা নির্বিঘ্নে খেলতে পারে।

এমবি/এসআর