বিকেএসপি স্কলারশিপ পাচ্ছে ‘চাঁদপুরের মেসি’ সোহান
মেঘনাবার্তা প্রতিনিধি: মাত্র সাত বছর বয়সেই ফুটবলে পায়ের জাদু দেখিয়ে সাড়া ফেলেছে চাঁদপুরের মতলব উত্তরের ছোট্ট ফুটবলার সোহান প্রধানিয়া। স্থানীয় মাঠে কিংবা বাবার সাইকেল মেরামতের দোকানের সামনে—যেখানেই বল হাতে পায়, সেখানেই মুগ্ধ করছে দর্শকদের। এবার সেই প্রতিভা পৌঁছে যাচ্ছে দেশের সেরা ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র বিকেএসপিতে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে জানিয়েছেন, সোহানকে দেওয়া হবে বিশেষ বিকেএসপি স্কলারশিপ। এর মাধ্যমে তাকে পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান,“সোহানের ফুটবল খেলার ভিডিও দেখে আমি অভিভূত। তার প্রতিভা যাতে কোনো সীমাবদ্ধতায় থেমে না যায়, সে জন্য উপজেলা ও জেলা প্রশাসন পাশে থাকবে।”
অন্যদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন,“সোহানের বয়স সাত পূর্ণ হলেই তাকে বিকেএসপিতে আনুষ্ঠানিকভাবে ভর্তি করানো হবে। বিকেএসপি তাকে স্কলারশিপে নেবে—এটা তার ভবিষ্যতের জন্য বিশাল সুযোগ। দেশের লুকিয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করার যাত্রায় সোহানই প্রথম উদাহরণ।”
চাঁদপুরের জহিরাবাদ ইউনিয়নের ছোট্ট গ্রাম সাড়ে পাঁচ আনী থেকে উঠে আসা সোহানের পরিবার এখন আশায় বুক বাঁধছে।
চাঁদপুরের মাটির মাঠ থেকে বিকেএসপির একাডেমি পর্যন্ত—যাত্রা শুরু হলো বাংলাদেশের এক সম্ভাবনাময় ফুটবল প্রতিভার।
সময়ের অপেক্ষা, ছোট্ট সোহান একদিন হয়তো সত্যিই হয়ে উঠবে বাংলাদেশের ‘লিওনেল মেসি’।
এমবি/এসআর

