টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে নিজেদের ম্যাচগুলো খেলতে বাংলাদেশ দল পাঠাতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে নিজেদের ম্যাচগুলো খেলতে বাংলাদেশ দল পাঠাতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) ইমেইলের মাধ্যমে আইসিসিকে জানানো হয় যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিরাপদ নয়। একই সঙ্গে বাংলাদেশের নির্ধারিত ভেন্যুগুলো অন্য কোনো দেশে স্থানান্তরের জন্য আবেদন করেছে বিসিবি।
সূত্র জানায়, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর শনিবার (৩ জানুয়ারি) রাতে বিসিবির পরিচালকদের মধ্যে অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শুরুতে অধিকাংশ পরিচালক কঠোর সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে মত দেন। তবে পরবর্তীতে সরকারের অবস্থান ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এরই ধারাবাহিকতায় নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরুর কথা ছিল। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলার সূচি রয়েছে লিটন দাসদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলতে মুম্বাই যাওয়ার কথা ছিল বাংলাদেশের।
তবে বিসিবির এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসিকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করা হচ্ছে।
এমবি এইচআর

