দায়িত্ব পেয়েই ভোট নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন নতুন জনপ্রশাসন সচিব
নির্বাচন সুষ্ঠু করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্ষমতার সঠিক প্রয়োগে ব্যর্থ হলে শাস্তির মুখোমুখি হতে হবে—এমন সতর্কবার্তা দিয়েছেন নবনিযুক্ত জনপ্রশাসন সচিব মো. এহছানুল হক। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি এই বার্তা দেন।
মেঘনাবার্তা প্রতিনিধি: নির্বাচন সুষ্ঠু করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্ষমতার সঠিক প্রয়োগে ব্যর্থ হলে শাস্তির মুখোমুখি হতে হবে—এমন সতর্কবার্তা দিয়েছেন নবনিযুক্ত জনপ্রশাসন সচিব মো. এহছানুল হক। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি এই বার্তা দেন।
জনপ্রশাসন সচিবের পদটি তিন সপ্তাহ শূন্য থাকার পর রোববার মো. এহছানুল হককে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্বে ছিলেন।
দপ্তরে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দায়িত্ব পালনে কোনো দলীয় নির্দেশনা নয়, বরং পেশাদার ও নিরপেক্ষ নীতিতেই কাজ করবেন। তাঁর বক্তব্যে স্পষ্ট করা হয় যে, নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষমতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে; অন্যথায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এহছানুল হক ১৯৮৩ সালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। বিএনপি সরকারের আমলে তিনি জননিরাপত্তা বিভাগের উপসচিব, ঝালকাঠির জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বেও ছিলেন।
নির্বাচনের আগে মাঠ প্রশাসনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে পরিবর্তন আসবে কি না—এ প্রসঙ্গে সচিব জানান, এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনিক কমিটি ও প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন যে, প্রশাসনের কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন এবং কেউ পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশও দেন তিনি।
এমবি এইচআর

