সাদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রেপ্তার
ঢাকার সাভার থেকে ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকার সাভার থেকে ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সাভারের নবীনগরের একটি আবাসিক এলাকা থেকে হাবিবকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নির্বিচারে গুলি চালানো হয়। এতে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সাদের নানা আজিমুদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
ওসি মনিরুল ইসলাম জানান, “আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে।”
এমবি/টিআই

